পাবনা গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

পাবনা প্রতিনিধিঃ

2 Min Read
তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন করছেন ঠিকাদাররা। বৃহস্পতিবার দুপুরে পাবনা গণপূর্ত ভবনের সামনে।

পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও কাজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিন টেন্ডার ছাড়াই স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণকাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছেন। ইতোমধ্যে সাইটে নির্মাণ সামগ্রী ফেলা হয়েছে। এছাড়াও তিনি ৫% কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে থাকেন। গণপূর্ত অধিদফতরে এখন চলছে নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব। বক্তারা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শত কোটি টাকার মালিক বনে গেছেন এবং গোপনে কমিশন চুক্তিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিক্ষুব্ধ ঠিকাদাররা মানববন্ধন শেষে গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবি জানান। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোনো টেন্ডার বা লটারি ছাড়াই তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ এই অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই। টেন্ডারের মাধ্যমে লটারিতে যিনি কাজ পাবেন, তিনিই সেই কাজ করবেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের স্টাফ জানান, তিনি অসুস্থ এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মুঠোফোনেও যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *