পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কুপিয়ে আহত

পাবনা প্রতিনিধিঃ

2 Min Read
আহত শিক্ষক জওহরলাল বসাক তুলশী।

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলসী (৭৭) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলসী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কী কারণে এই হামলা ও বাড়ি তছনছ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, তিনি একাকী বসবাস করতেন। তার ভাইয়েরা বিদেশে থাকেন। দুপুরে বাজার থেকে ফিরে তিনি যখন বাড়িতে প্রবেশ করেন, তখন বাড়ির ভেতরে আগে থেকে ওঁত পেতে থাকা দুজন দুর্বৃত্ত মুখ চেপে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর তারা আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তছনছ করে পালিয়ে যায়।

তুলসী জানান, আমি যখন বাসায় ঢুকি, তখন দু’জন এসে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। আলমারি ভেঙেছে, কিছু পায়নি। এর আগে কেউ কোনো চাঁদা চায়নি। তারা মুখোশ পরে ছিল না। আমি পুলিশের ঝামেলায় যেতে চাই না। রিপোর্ট করা লাগবে না।

প্রতিবেশীদের ধারণা, তিনি হামলাকারীদের চিনে ফেলেছেন, এজন্য মুখ খুলছেন না। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেল পর্যন্ত বিষয়টি গোপন থাকলেও সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুইজন ছিনতাইকারী প্রবেশ করে অধ্যাপককে কুপিয়ে আহত করে এবং ঘরে থাকা আলমারি ও ওয়ারড্রোব তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *