হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের

গোলাম মোস্তফা, পিরোজপুর :

3 Min Read

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজের জীবনের ওপর হামলা, অপহরণচেষ্টা এবং পরবর্তীতে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।

নিজের রাজনৈতিক পটভূমি তুলে ধরে তিনি জানান, ছাত্রজীবনে জিয়ানগর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে শ্রমিক দলের উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপি প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ২০১৯ সালে জেপি (মঞ্জু) দলে যোগ দেন এবং ২০২১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শাহীন বলেন, গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় বালিপাড়া ইউনিয়নের জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা তার গাড়ির পথরোধ করে। তারা তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা চালায় এবং তার কাছে থাকা দুটি আইফোন ছিনিয়ে নেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, এরপর পিরোজপুর থানায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও তার ভাই শামীম সাঈদীসহ কয়েকজন উপস্থিত হন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে ঘটনাটি মীমাংসা হয়। জাকারিয়া প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর এমন আচরণ বা চাঁদা দাবি করবেন না।

তবে শাহীন অভিযোগ করেন, মীমাংসার পরও জাকারিয়া বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে এবং শুক্রবার একটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালিয়েছে।

তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একজন জনপ্রতিনিধি যদি এভাবে অপহরণচেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ—তা বড় প্রশ্ন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শাহীন হাওলাদার জাকারিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় সঠিক অনুসন্ধানের মাধ্যমে সত্য উদঘাটন করার জন্য।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *