শাপলা ফুল তুলতে গিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

1 Min Read

মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)। এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে চার শিশু বিলের পানিতে শাপলা ফুল তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শামিম রোজা জানান, উদ্ধার করা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *