কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইব্রাহিম সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমে শাহপরীর দ্বীপ এলাকায় ঘুরতে যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় একই এলাকার রাজু, রবিউল ও অজ্ঞাত আরও ৫-৭ জন তাদের পথরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
পরে ওমর ফারুক, শফিক ও তৈয়ব সেখান থেকে চলে গেলেও পরে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা ওমর ফারুকের বাড়িতে হামলা চালায়।
এ সময় ছোড়া পাথরের আঘাতে ইব্রাহিম গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
