নারী শিক্ষায় অবৈতনিক ব্যবস্থা চালু করেছিলেন খালেদা জিয়া: সালাহউদ্দিন

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :

2 Min Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায়না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারেনা।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়।
এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বির্নিমানের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো। কিন্ত একটি দল তার বিপরীতে দাড়িয়েছে।
তিনি বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোন নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকান্ডেই বুঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় তারা নারীদের অগ্রগতি প্রগতি সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায়না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে বা অন্ধকারে ফেলে রেখে কোন দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারেনা। তাই তিনি ১২ই ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানাতে আহবান জানান।উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যাবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আমাদের নারীরা পর্দানশীন ও প্রগতিশীল। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি প্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বিএনপির পরিকল্পনায় নারী সমাজকে ক্ষমতায়ন করবে মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে বলেই দাবি বিএনপির এই শীর্ষ নেতার।
এতে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *