নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ইসরাইলের বিরুদ্ধে তার আমলের প্রথম বড় সামরিক পদক্ষেপ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে ইসরাইলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়। সেখানে ‘আপনার আদেশে, সাইয়্যেদ মোজতবা’ লেখা স্লোগানও দেখা যায়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন ইরানি নেতাকে সতর্ক করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব যদি যুক্তরাষ্ট্রের সমর্থন না পায়, তবে তারা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনীও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রয়োজনে নতুন ইরানি নেতাকেও লক্ষ্যবস্তু করতে তারা দ্বিধা করবে না।
এর আগে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ইরানের শিয়া ধর্মীয় নেতাদের পরিষদ বৈঠকে বসে। ওই বৈঠকে ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাতারেও ভোরের দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটি রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরাইলের এই সরাসরি সামরিক উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
