নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৪০ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে সর্বাধিক ৮০ জনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে নারীসহ তিনজন এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মুগদায় মারা যাওয়া তিনজনের বাড়ি যথাক্রমে ঢাকার ডেমরা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে। বরিশালে মারা যাওয়া দুজনের বাড়ি পটুয়াখালীর মহিপুরে।

মঙ্গলবার সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮০ হাজার ৬৩৪ জন, এর মধ্যে ৭৬ হাজার ৯৩৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৬৯৬ জন।

মুগদায় মারা যাওয়া নারী ডেমরার বাসিন্দা, বয়স ৩৩ বছর। অন্যদিকে চাঁদপুর ও নারায়ণগঞ্জের মৃত দুই পুরুষের বয়স যথাক্রমে ৪৫ ও ৭০ বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে সর্বাধিক ৮০ জনের মৃত্যু হয়, যা এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। চলতি নভেম্বরের ১১ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৪০ জনের।

পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, মহিপুর থানার দর্জি শিশির দাস ও আলীপুর কালাচাঁনপাড়ার রাখাইন সম্প্রদায়ের ফার্মেসি ব্যবসায়ী উবাচো সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক দিন আগে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *