নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ২৩ হাজার ৫০০ পরিবার কল্যাণ সহকারী, ৪ হাজার ৫০০ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ৫ হাজার ৭১০ পরিবার কল্যাণ পরিদর্শিকা দীর্ঘ ২৬ বছর ধরে রাজস্ব খাতে থাকলেও নিয়োগবিধির মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন বলে কর্মসূচিতে অভিযোগ করা হয়।
বঞ্চনার দীর্ঘসূত্রতা ও বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ৬৪ জেলা থেকে আসা কর্মীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সোহেল, আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি বলেন, নিয়োগবিধি আমার সাংবিধানিক অধিকার।
পরিবার কল্যাণ সহকারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তা পারভীন বলেন, নিয়োগবিধি প্রতিটি সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা বছরের পর বছর বঞ্চিত। যে পদে চাকরি শুরু করি, সেই পদেই অবসরের বাস্তবতা মেনে নিতে হচ্ছে।
