কক্সবাজারে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ পাবে নতুন দিকনির্দেশনা।
সোমবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে একই দিন মহেশখালীতেও পৃথক জনসভায় বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বংশানুক্রমিক রাজনীতিতে বিশ্বাস করে না। এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী—যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজারসহ দেশজুড়ে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের ভোট শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এটি জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার সুযোগ।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধ করা হবে এবং যুবসমাজকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
জনসভায় বিভিন্ন আসনের জামায়াত ও মিত্র দলগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
