পরিবেশ রক্ষায় নতুন নিয়মে খুলছে সেন্টমার্টিন দ্বীপ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। সরকারের জারি করা ১২টি নির্দেশনা মেনে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে সেখানে যেতে পারবেন ভ্রমণপ্রেমীরা। দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার কঠোরভাবে এসব নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে প্রশাসন।

সেন্টমার্টিন উন্মুক্ত হওয়াকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে এবার ভ্রমণে থাকবে নতুন নিয়ম টিকিট থেকে শুরু করে রাত্রিযাপন, এমনকি প্লাস্টিক ব্যবহারের বিষয়েও দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলতে পারবে না। ভ্রমণকারীদের টিকিটও কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে; প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড, যা ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে।

নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে রাত্রিযাপন নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সময়ের জন্য রাত্রিযাপনের অনুমতি মিলবে, তবে ফেব্রুয়ারি মাসে পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের অনুমতি পাবেন।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, মোটরসাইকেল বা সি-বাইক চালানো কঠোরভাবে নিষিদ্ধ। পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর ক্ষতি করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী বহনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার ও প্লাস্টিক বোতল পরিহার করতে বলা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় এবার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে এবার পর্যটকবাহী জাহাজ টেকনাফ নয়, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে যাবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম জানান, অনলাইনে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি টিকিটে কিউআর কোড থাকবে, যা যাচাই করে তবেই পর্যটকদের যাত্রার অনুমতি দেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গত নয় মাস ধরে পর্যটক প্রবেশ বন্ধ থাকায় সেন্টমার্টিনে সামুদ্রিক জীববৈচিত্র্যের পুনরুদ্ধার ঘটেছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *