পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশু জবাই করতে গিয়ে রাজধানী ও আশপাশের এলাকায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। অপরদিকে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) জানিয়েছে, তাদের হাসপাতালে বিকেল ৫টা পর্যন্ত ২০১ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গরুর লাথি, শিংয়ের গুঁতো কিংবা জবাইয়ের সময় ধারালো অস্ত্রে আঘাত পেয়ে নারী-শিশুসহ ১২০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অভিজিৎ চৌধুরী জানান, “আমাদের হাসপাতালে যেসব রোগী এসেছেন, তাদের মধ্যে অধিকাংশের হাত ও আঙুল কেটে গেছে। অনেকে আবার হাত-পায়ে আঘাত পেয়েছেন। আমরা জরুরি বিভাগে সর্বোচ্চ চেষ্টা করছি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে।”
প্রতিবছর ঈদুল আজহার সময় কুরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাইয়ের সময় অসাবধানতাজনিত দুর্ঘটনার সংখ্যা বাড়ে। চিকিৎসকরা সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিচ্ছেন।
