পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক

পাবনা প্রতিনিধি :

3 Min Read

পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামানিক (৬০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে আহত হয়েছেস সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই)।

‎রোববার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষকের কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজে মাত্র দাঁড়িয়েছিলেন তিনি। এমন সময় সুযোগ বুঝে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে নিজের বাবাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হন ছেলে মোস্কফা। এরপর নিজেই পাশের রুম আটকিয়ে দিয়ে বসে থাকেন তিনি। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে বাবা নিজামের মৃতদেহ পরে থাকতে দেখেন। এরপর ওই ছেলেকে ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রেখে পুলিশে খবর দেয় স্বজন ও এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎নিহতের আরেক ছেলে মিজানুর রহমান বলেন, আমরা খাওয়া দাওয়া শেষে রুমে শুয়ে আছি। এমন সময় রুম আটকিয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও সে আমাকেও মেহগনি ঢাল দিয়ে মারাত্মক আহত করেছিল। আজকেও আমাকে হত্যা করার জন্য গামছার মধ্যে হাঁসুয়া নিয়ে আমাকে মাঠের মধ্যে গিয়ে খুঁজাখুঁজি করেছে। বাড়ির লোক বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।

‎তিনি আরও বলেন, সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইতো। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। তার শাস্তি হওয়া উচিত।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনজন এসআই আহত হয়েছেন। পুলিশের টিম এখনও ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *