পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

যশোর প্রতিনিধি:

1 Min Read

যশোরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মো. মইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই হামলায় তার বড় ভাই মো. জমির উদ্দিন (৫০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ জুন) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার ভাই জমির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

নিহত মইন উদ্দিনের ভাতিজা মো. সাগর জানান, পারিবারিক জমিজমা নিয়ে তার বাবা ও চাচার সঙ্গে চাচাতো ভাই আশিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে আশিক তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে প্রতিবাদ জানানো হয়। এতে উত্তেজিত হয়ে আশিক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই ভাইই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই মইন উদ্দিন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। হামলার ঘটনায় একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *