পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

পিরোজপুরে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে।

দুদক সূত্রে জানা গেছে, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে সম্পদ বিবরণী দাখিলের সময় ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে জানা যায়, তার নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যা তার বৈধ আয়ের চেয়ে দুই কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।

অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়েরও অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন এবং তার নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি।

মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় দায়ের করা হয়েছে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *