আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে। প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং দ্রুত এগুলো সংগ্রহের পদক্ষেপ নেওয়া হবে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, বডি ক্যামেরাগুলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে কেনা হবে। এতে যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা থাকবে এবং সরকারকে সরাসরি দর কষাকষির ঝামেলায় পড়তে হবে না।
তিনি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
