প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছায় স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচরা। সেখান থেকে একই দিনে তারা সিলেটে যায়। তিন ম্যাচের পুরো সিরিজই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করা হয়েছে এই সিরিজ। মূলত এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ম্যাচ অনুশীলন ও প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজের উদ্যোগ নেয় বিসিবি।
নেদারল্যান্ডস দলের এটি তৃতীয় বাংলাদেশ সফর হলেও এর আগে তারা কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০১১ বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশে বিপক্ষে খেলেছিল ডাচরা। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও কোনোটি ছিল না বাংলাদেশের বিপক্ষে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের একমাত্র জয়টি এসেছিল ২০১২ সালে নিজেদের মাঠে।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস ১৩তম এবং বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে। নিয়মিতভাবেই বিশ্বকাপে খেলে আসছে ডাচরা।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে শনিবার, এরপর সোমবার ও বুধবার হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গত তিন সপ্তাহ ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা। মিরপুরে প্রাথমিক অনুশীলন শেষে গত এক সপ্তাহ ধরে তারা সিলেটে অনুশীলন করছে।
