প্রয়াণের এক বছর: অঞ্জন স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা

তাঁর নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজনেক্সট ডেস্ক :

1 Min Read

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রথম প্রয়াণবার্ষিকী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। গত বছর এদিন ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহিম অঞ্জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিবসটি উপলক্ষে তাঁকে স্মরণে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে সংগঠনটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণসভা। একই সঙ্গে প্রদর্শিত হবে অঞ্জনের ডিপ্লোমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’। আয়োজকদের মতে, এ প্রদর্শনীর মাধ্যমে নির্মাতার শিল্পভাবনা, মানবিক বোধ ও স্বতন্ত্র চলচ্চিত্রভাষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।

১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন অঞ্জন। সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর বেড়ে ওঠা। তাঁর বাবা ভাষাসৈনিক ও সংস্কৃতিকর্মী মিজানুর রহিম এবং মা ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী। চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি তিনি শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

পুনের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে অধ্যয়নকালে তিনি রুশ সাহিত্যিক আন্তন চেখভের ছোটগল্প ‘স্লিপি’ অবলম্বনে ১৯৯০ সালে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’। এটি ছিল তাঁর স্নাতকোত্তর ডিপ্লোমা চলচ্চিত্র। পরবর্তীতে ছবিটি প্রতিষ্ঠানটিতে রেফারেন্স চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়। এতে অভিনয় করেন শম্ভবী কৌল এবং বলিউড অভিনেতা ইরফান খান।

২০১৪ সালে অঞ্জন নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে নির্বাচিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক বিভাগে সম্মাননা অর্জন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *