গুজবে কান না দিতে বিটিআরসির আহ্বান

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণকে সতর্ক করেছে সংস্থাটি।

মঙ্গলবার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মোবাইল হ্যান্ডসেট আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব সুরক্ষার লক্ষ্যে গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর পর থেকে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিস্টেমটির সার্ভার বিদেশে অবস্থিত কিংবা তথ্য দেশের বাইরে যাচ্ছে—এমন অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরেই একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হচ্ছে। গ্রাহকের তথ্য সুরক্ষায় বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা প্রোটেকশন সংক্রান্ত সব বিধি-বিধান মেনেই এই সিস্টেম গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর পরিচালনায় ব্যবহৃত আইপি ঠিকানা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) কর্তৃক বরাদ্দকৃত। ফলে এই সিস্টেমের কোনো ডাটা বা ট্রাফিক বিদেশে যাওয়ার সুযোগ নেই।

এনইআইআর সিস্টেমে আসা সব ধরনের অনুরোধ (রিকোয়েস্ট) দেশের ভেতরেই প্রক্রিয়াজাত করা হচ্ছে বলেও জানায় বিটিআরসি। পাশাপাশি আইপি রুট বিশ্লেষণের মাধ্যমেও সিস্টেমটির অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সবশেষে বিটিআরসি এনইআইআর সংক্রান্ত যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *