ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি, মধ্যরাত থেকেই কার্যকর

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল এখন ৯৪ টাকা ৬৯ পয়সায় বিক্রি হবে, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। সংস্থাটি চলতি বছরে দ্বিতীয়বারের মতো ফার্নেস অয়েলের দাম সমন্বয় করল।

এর আগে দীর্ঘদিন ধরে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এই ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি দাম নির্ধারণ করে।

জানা গেছে, ২০২৪ সালের ২ আগস্ট সর্বশেষ নির্বাহী আদেশে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব দেয় বিপিসি। একইসঙ্গে চারটি জ্বালানি বিপণন কোম্পানিও পৃথক প্রস্তাব জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর ভিত্তি করে চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি আয়োজন করে বিইআরসি। পর্যালোচনা শেষে আজ নতুন দাম ঘোষণা করা হলো।

বিপিসির অধীন সরকারি চার বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস অয়েল সরবরাহ করবে। এ তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *