ফার্মগেটে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনের আরেক নেতা সুফিয়ান বেপারি ওরফে মাসুদ।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার পর ফার্মগেটের স্টার হোটেলের সামনে এই গুলির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমান মুছাব্বিরকে উদ্ধার করে নিকটবর্তী বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আহত সুফিয়ান বেপারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিও স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম গণমাধ্যমকে জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে দুজনকেই বিআরবি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, রাত প্রায় ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ নেতাদের হাসপাতালে ভর্তির খবরে বিআরবি হাসপাতালের সামনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এতে সোনারগাঁও ক্রসিং এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ইনকামিং লেনে অবস্থান নেওয়ায় ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *