বিশ্বকাপ ফুটবলের টিকিটের মূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে ফিফা। পার্টিসিপেন্ট মেম্বার অ্যাসোসিয়েশন (PMA) কোটা থেকে টিকিট পেতে দর্শকদের অস্বাভাবিকভাবে বেশি অর্থ গুনতে হচ্ছে, যা সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১৯ জুলাইয়ের ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট পড়ছে ৪,১৮৫ মার্কিন ডলার (প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা)। এই কোটা মূলত নিয়মিত ম্যাচ দেখা সমর্থকদের জন্য বরাদ্দ থাকে। তবে ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (FSE) এই মূল্য নির্ধারণকে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের হিসাব অনুযায়ী, পুরো টুর্নামেন্টের সব ম্যাচ দেখার জন্য খরচ পড়বে প্রায় ৬,৯০০ ইউরো (৮,০০০ মার্কিন ডলার), যা আগের বিশ্বকাপের তুলনায় পাঁচ গুণ বেশি।
ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমর্থকরাও টিকিটের উচ্চ মূল্যে ক্ষুব্ধ। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সবচেয়ে কম দামের টিকিট ধরে সব ম্যাচ দেখলে খরচ পড়বে ৭,০২০ ডলার। সমর্থক সংগঠন ‘ফ্রি লায়নস’ এটিকে সাধারণ সমর্থকের নাগালের বাইরে মনে করছে। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও হাইতি, মরক্কো ও ব্রাজিল ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেছে, যেখানে ফাইনালের টিকিটও ক্রোয়েশিয়ার নির্ধারিত মূল্যের সমান।
এদিকে, সাধারণ দর্শকদের জন্য ফিফা লটারি–ভিত্তিক টিকিট বিক্রি শুরু করেছে। আবেদন করা যাবে ১৩ জানুয়ারি পর্যন্ত, এবং পরে জানানো হবে কে কোন টিকিট পেয়েছেন। আগের বিক্রয় উইন্ডোতে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করেছিল।
