বরিশালে কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, এএসপি বরখাস্ত

রানা সন্যামত, বরিশাল ব্যুরো:

2 Min Read
আফজাল হোসেন

বরিশাল আরআরএফ (রিজার্ভ পুলিশ ফোর্স) পুলিশ লাইন্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর কাছে অনৈতিক প্রস্তাব ও অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পারিবারিক সমস্যার কারণে কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ জানাতে যান পুলিশ লাইন্সের কমান্ড্যান্টের কাছে। এ সময় এএসপি আফজাল হোসেনের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে বিভিন্ন সময় তিনি ওই নারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে বিরক্ত করতে থাকেন। শুধু তাই নয়, স্বামী জীবিত থাকা অবস্থায় তাকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দিয়ে বিয়ের প্রস্তাবও দেন এএসপি আফজাল।

এছাড়াও তিনি কনস্টেবলের স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের ও মামলা করার পরামর্শ দেন এবং সংসার ভাঙার পেছনে সক্রিয় ভূমিকা রাখেন। এমনকি তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের কৌশলও বাতলে দেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার, অনৈতিক ও অসদাচরণমূলক কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের আচরণ সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।

এই প্রেক্ষাপটে, এএসপি আফজাল হোসেনকে ২১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *