বাকেরগঞ্জে বিএনপির মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

রানা সন্যামত, বরিশাল ব্যুরো :

2 Min Read

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতের আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন—পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার এবং নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে। পাশাপাশি মোকলেছুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নে বিএনপির একটি সাংগঠনিক সভায় হামলার অভিযোগে আওয়ামী লীগের প্রায় ১৫০-২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। অভিযোগে বলা হয়, তারা আগ্নেয়াস্ত্র, দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মশিউর রহমান জমাদ্দার ও মোকলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের এক ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার হন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সক্রিয় মামলা রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযানে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *