বরিশালের বানারীপাড়ায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েলকে গণসংবর্ধনার মাধ্যমে বরণ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশাল গাড়িবহর নিয়ে পথযাত্রা শেষে তিনি বিশারকান্দি ইউনিয়নে মতবিনিময় সভায় অংশ নেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী মুখপাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এদিন উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এসময় তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের প্রচারণা চালাতে লিফলেট বিতরণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাস্টার মো. হুমায়ূন কবির। এতে বক্তব্য রাখেন সরকারি ফজলুল হক কলেজের সাবেক ভিপি ও চাখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী সরদার, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীন লস্কর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আকন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্য ফাইজুল ভুঁইয়া। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল বাবু, উত্তর ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়, মো. মহসিন, বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লস্কর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার, ইমরান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
