বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তীভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
সরকারের শেষ সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল।
৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয় জানিয়েছিল, মোট ৩ হাজার ৬১৫টি আবেদন পাওয়া গেছে, যার মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭১৯টি আবেদন মূল্যায়নের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল।
প্রাথমিক মূল্যায়নে নীতিমালা অনুযায়ী যোগ্যতা, আঞ্চলিক সাম্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রাপ্ত গ্রেডিং-এর ভিত্তিতে সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয় এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল।
এর আগে সরকারের শেষ সময়ে এই ঘোষণাকে ঘিরে বিভিন্ন আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।
