জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

এর আগে বিকেল ৫টার দিকে রাজধানী থেকে সাভারের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই দিন বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

তারেক রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এলাকায় জড়ো হন।

নেতাকর্মীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপর থাকতে দেখা যায়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় আসতে শুরু করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। একই দিন রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি বক্তব্য রাখেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *