বিদেশে ৫২ হলে ‘বনলতা এক্সপ্রেস’

আগামী ৩ এপ্রিল থেকে ছবিটি কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার জন্য একটি বড় বৈশ্বিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিনোদন ডেস্ক :

2 Min Read

ঈদে দর্শকদের নজর কাড়ার পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করছে ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ৩ এপ্রিল থেকে ছবিটি কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার জন্য একটি বড় বৈশ্বিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। উত্তর আমেরিকা ও ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে মুক্তি পাওয়ায় প্রবাসী দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ছবির পরিচালক তানিম নূর এই আন্তর্জাতিক মুক্তিকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের দর্শকদের মতো বিদেশে বসবাসকারী দর্শকদের কাছেও ছবিটি সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।

এদিকে স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব মনে করেন, বিশ্ববাজারে বাংলা সিনেমার অবস্থান শক্ত করতে ধারাবাহিকভাবে মানসম্মত চলচ্চিত্র মুক্তি দেওয়া জরুরি। তার মতে, ‘উৎসব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণের মাধ্যমে নির্মাতা সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছেন।

প্রথম সপ্তাহেই কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভারসহ একাধিক শহরে ছবিটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে এবং যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামেও সিনেমাটি দেখানো হবে।

‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং নিবেদনে রয়েছে ইউসিবি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *