সহশিল্পীর আঘাতের অভিযোগ, পাল্টা ব্যাখ্যা তানজিন তিশা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

শুটিং সেটে সহশিল্পীর সঙ্গে বিরোধের জেরে মারধরের অভিযোগ উঠেছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন। তবে তিশা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে “ভিন্নভাবে উপস্থাপন” করা হয়েছে বলে দাবি করেছেন।

লাইভে সামিয়া অথৈ জানান, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে অবস্থান করছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম ও মীর রাব্বীসহ আরও অনেকে।

অথৈর দাবি, শুটিংয়ে যোগ দিতে গিয়ে তিনি সিনিয়র সহশিল্পী তিশার জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলেন, তবে সেটি গ্রহণ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের প্রথম দৃশ্যেই তিশা তাকে মারধর করেন, এতে তার হাতে আঘাত লাগে।

আজকের ঘটনার বর্ণনায় তিনি বলেন, চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে তাকে তিশাকে চড় মারতে হয় এবং তিনি সেটি “আলতোভাবে” করেন। কিন্তু এতে তিশা ক্ষুব্ধ হয়ে পাল্টা আঘাত করেন। সেটে উপস্থিত অন্যরা ঘটনাটি দেখেছেন বলেও দাবি করেন তিনি।

এছাড়া দুই বছর আগের একটি ব্যক্তিগত মনোমালিন্যের কথাও উল্লেখ করেন অথৈ। যদিও পরে সেই বিরোধ মিটে গিয়েছিল বলে জানান তিনি।

অন্যদিকে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বলেন, দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্ট অনুসরণ না করে সামিয়া অথৈ আগে তাকে আঘাত করেন। “মাথা ঠিক রাখতে পারিনি, তাই আমিও প্রতিক্রিয়ায় আঘাত করি,”—বলেন তিনি।

তিশার দাবি, শুটিংয়ের আগে রিহার্সেলে কোনো সমস্যা হয়নি। পূর্ব শত্রুতা থাকলে তিনি একসঙ্গে কাজ করতেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষায়, অথৈর অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন।

ঘটনাটি নিয়ে শুটিং সেটে উত্তেজনা সৃষ্টি হলেও আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *