বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা সিদ্দিকী অভিনয়ের জগতে পা রাখতে প্রস্তুতি নিচ্ছেন। তবে পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজেকে দক্ষ শিল্পী হিসেবে গড়ে তুলতেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
বর্তমানে শোরা লন্ডনের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পারফর্মিং আর্টসে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিচ্ছেন। অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে পেশাদার প্রস্তুতি নেওয়ার বিষয়টিকেই তিনি প্রাধান্য দিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মেয়ের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, শোরা নিজ আগ্রহ থেকেই অভিনয় শেখার সিদ্ধান্ত নিয়েছে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করছে। তার এই মনোভাব ভবিষ্যতে তাকে আরও পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলবে বলে আশা করেন তিনি।
ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তনী নওয়াজউদ্দিন মনে করেন, চলচ্চিত্রে কাজ শুরুর আগে অভিনয়ের মৌলিক ব্যাকরণ শেখা জরুরি। শোরা সেই পথেই এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইতিমধ্যে লন্ডনের মঞ্চে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ নাটকে অভিনয় করে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন শোরা। আনুষ্ঠানিকভাবে বড় পর্দায় অভিষেকের আগেই তার এই প্রস্তুতি বলিউডে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
