‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানে নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানে তাঁর মা সৈয়দা শারমিনকে সম্মাননা প্রদান করা হয়। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান “গরবিনী মা-২০২৬”।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি বলেন, “স্বপ্নেও ভাবিনি এই বয়সে এত কিছু অর্জন করব। কিন্তু আমার মা সবসময় বিশ্বাস করতেন। আমার আজকের অভিনয়জীবন, গান শেখা—সবকিছুর পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের।”
ফারিণ আরও বলেন, ছোটবেলা থেকেই তাঁর মা নানা প্রতিকূলতা মোকাবিলা করে তাঁকে নাচ ও গানের স্কুলে ভর্তি করান। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়েও সবসময় পাশে ছিলেন তিনি।
শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় জীবনের অনেক সুবিধা ছিল। ক্লাস সিক্সে ঢাকার হলিক্রসে ভর্তি হওয়ার পর মা তাঁকে নিয়ে রাজধানীতে চলে আসেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিইউপি-তে ভর্তির সুযোগ পেলেও তিনি বিইউপি-তে বিবিএ পড়ার সিদ্ধান্ত নেন, যেখানে মায়ের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ।
অভিনয়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “অনেকে বাইরে থেকে না জেনে আমাদের কাজ নিয়ে বিচার করে। কিন্তু আমার মা সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন।”
বক্তব্যের শেষাংশে আবেগঘন কণ্ঠে তাসনিয়া ফারিণ বলেন, মায়ের ভালোবাসা ও ত্যাগের কোনো তুলনা নেই। তিনি মায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
