সরকারি প্রশাসনে বড় ধরনের পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করেছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির ক্ষেত্রে যে কর্মকর্তাদের কর্মস্থল উল্লেখ করা হয়েছে, তারা যদি ইতোমধ্যে অন্য দপ্তরে দায়িত্ব পালন করছেন, তবে সংশ্লিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পাশাপাশি, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে ভিন্ন বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় সংশোধন বা আদেশ বাতিল করার অধিকার সংরক্ষণ করছে।
এছাড়া, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে পারবেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
