বেতাগীতে বিএমএসএফের কলম বিরতি: চায় সুরক্ষা আইন

বেতাগী(বরগুনা)প্রতিবেদক:

2 Min Read

বেতাগী, বরগুনা: সাংবাদিকদের প্রাণের দাবি ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন, হয়রানি ও অনিশ্চয়তা দূর করতে নিয়োগ নীতিমালা এবং একটি নির্ভরযোগ্য তালিকা তৈরিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বেতাগীতে কলম বিরতি ও সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।দেশব্যাপী মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২০ মে) সকালে বেতাগীর গুরুত্বপূর্ণ বিষখালী চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ বেতাগী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতীকী কলম বিরতি চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মুন্না। সভা পরিচালনা করেন সদস্য সচিব ফোরকান হোসেন ইমরাত।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুর ইসলাম মন্টু, নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন খান,আজকের প্রতিকার উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য মোঃ জামাল হোসেন খান। এছাড়া বিএমএসএফের পক্ষে দাবির সমর্থনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. হাসান ও মো. জসিম উদ্দিন। এ সময় বেতাগীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, মফস্বল সাংবাদিকরা আজ চরম অনিরাপদ পরিবেশে কাজ করছেন। হামলা, মামলা আর হয়রানি যেন তাদের নিত্যসঙ্গী। অথচ তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য কোনো স্পষ্ট আইন বা নীতিমালা নেই। এই নাজুক পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে ১৪ দফা দাবি মেনে নিয়ে সাংবাদিক সুরক্ষা আইন, নিয়োগ নীতিমালা এবং একটি নির্ভুল তালিকা প্রণয়নের জোর দাবি জানান। তাদের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয় – সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মতো বেতাগীতেও একই দাবিতে এই কলম বিরতি কর্মসূচির মাধ্যমে তারা তাদের জোরালো বার্তা পৌঁছে দিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *