বেতাগী ডেঙ্গু রোগীদের পাশে কর্নেল হারুন, দিলেন জরুরি স্যালাইন

মোঃ জসিম উদ্দিন, বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

3 Min Read

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ যখন ক্রমবর্ধমান, তখন নিজ জন্মভূমির মানুষের পাশে দাঁড়ালেন এক মানবিক মুখ—কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে স্যালাইন প্রদান করেছেন।

মঙ্গলবার (০৮ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তাঁর এই মহৎ উদ্যোগ ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় একটি নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান তাঁর অনুভূতি প্রকাশ করেন, এই মাটি আমার জন্মস্থান, মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতা।

স্যালাইন হস্তান্তর শেষে কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান বলেন, বেতাগী আমার জন্মস্থান, আমি এই মাটির সন্তান। বরগুনা জেলায় বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে আমার নিজস্ব উদ্যোগে এই স্যালাইনগুলো দিচ্ছি। এটি হয়তো বড় কিছু নয়, তবে আমি বিশ্বাস করি সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শুধু সরকার বা হাসপাতাল নয়, আমাদের প্রত্যেককেই নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। আশেপাশে পানি জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ—এসবই ডেঙ্গুর বিস্তারে সহায়ক। তাই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরি করতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডা. মোবাশ্বের এই উদ্যোগের জন্য কর্নেল হারুনুর রশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে রোগীর শরীরে পানিশূন্যতা দেখা দিলে স্যালাইন তা পূরণে সহায়ক। এই মুহূর্তে স্যালাইনের চাহিদা অনেক বেশি, তাই এমন সহযোগিতা নিঃসন্দেহে হাসপাতালের জন্য কার্যকর ও সময়োপযোগী।

স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান, আমার দেশ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ডাবলু, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর বরগুনা জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান অভি, দৈনিক বাংলাদেশের খবর-এর উপজেলা প্রতিনিধি মোঃ ফোরকান ইসলাম, দৈনিক আজকালের পত্রিকার উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি সুজন, দৈনিক রূপালী বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক আজকের সুন্দরবন-এর উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানের শেষে কর্নেল হারুনুর রশিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই মানবিকতা।

ডেঙ্গুর মতো ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে কর্নেল হারুনুর রশিদের এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর এই প্রচেষ্টা বেতাগীর মানুষের হৃদয়ে বিশেষভাবে স্থান করে নিয়েছে এবং সমাজের অন্য বিত্তবানদের জন্যেও এটি এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে স্থানীয়রা মনে করছেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *