বেহেশতের টিকেট বিক্রি করছে জামায়াত: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি বলেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে মানুষ চেনে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল যুগে যুগে গোপন সমঝোতার রাজনীতি করে এসেছে এবং ক্ষমতার জন্য নীতি-আদর্শ বিসর্জন দিতে দ্বিধা করেনি।

রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া মাশাবি চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, জামায়াতের স্বৈরশাসক এরশাদের তথাকথিত নির্বাচনে অংশ নেওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতার রাজনীতির নজির রয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে ধর্মের কথা বলে ভোটের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং নানাভাবে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এখন বট বাহিনী দিয়ে বেহেশতের টিকেট বিক্রি করছে।

এ কারণে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত দেড় দশকে বিএনপির লাখো নেতাকর্মী হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রেক্ষাপটে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কোনো পক্ষ ভোটাধিকার হরণ করতে না পারে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই মনে করছেন রাজনৈতিক আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও চলমান। তার ভাষায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রশ্নে বিএনপিই একমাত্র দল, যারা কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের সার্বভৌমত্ব ও বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ পরিচালনায় কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দেশের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চায় বাইরের কোনো ইঙ্গিত বা চাপের মাধ্যমে নয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *