ভাইরাল ভিডিওর পর আলোচনার কেন্দ্রে শরীয়তপুরের ডিসি, কর্মস্থল ত্যাগ

বিশেষ প্রতিনিধি :

3 Min Read
শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। ভিডিও ভাইরালের পর শুক্রবার (২১ জুন) বিকাল থেকে তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। বর্তমানে তিনি শরীয়তপুরে নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার বিকেল থেকে তিনি শরীয়তপুরে নেই। কোথায় গেছেন তা জানা নেই।’ ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি জানান, ‘এ বিষয়ে এডিসি (সার্বিক) বলতে পারবেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসাইন বলেন, ‘বিকেলে অফিস শেষে তিনি বাসায় ফিরলেও বর্তমানে শরীয়তপুরে নেই। তাঁর অবস্থান সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’

জেলা প্রশাসকের সরকারি নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সম্প্রতি একটি ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তিনি ওই নারীকে কোলে তুলে নিয়ে চুম্বন করছেন। অভিযোগ রয়েছে, ওই নারীকে ভিডিও কলের মাধ্যমেও অসৌজন্যমূলক আচরণ করেছেন তিনি।

ভুক্তভোগী নারী গণমাধ্যমে অভিযোগ করে বলেন, ‘ডিসি আশরাফ উদ্দিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং আমার দাম্পত্য জীবন নষ্ট করেন। তিনি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে সম্পর্ক গড়েছেন, কিন্তু এখন বিয়ের কথা অস্বীকার করে হুমকি দিচ্ছেন।’

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘ডিসি নিজেই ভিডিওটি করেছেন। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই নারীকে অস্বীকার করেন।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘একজন জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক। এই ঘটনায় জেলার সম্মান ক্ষুণ্ন হয়েছে।’

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতেই তিনি শরীয়তপুর ত্যাগ করেন বলে শুনেছি।’

- Advertisement -

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ট্রাস্টে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠিত না হলেও প্রশাসনের উচ্চমহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববারের (২১ জুন) মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *