মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যাত্রীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেবিচকের সরকারি পরিচালক কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে এসব গন্তব্যে ভ্রমণেচ্ছু যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাত্রা পরিকল্পনা চূড়ান্ত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বেবিচক জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
