মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জরুরি বৈঠক করেছে। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের জ্বালানি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।
সভায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে জ্বালানির সম্ভাব্য উৎস থেকে যথাযথ সময়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত নয়। এর ফলে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ ও সার উৎপাদনে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে বা সরবরাহ সাময়িকভাবে হ্রাস পেতে পারে।
মন্ত্রী সভায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন এবং পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
সভায় আলোকসজ্জা কমানো, ব্যক্তিগত যানবাহন কমিয়ে পাবলিক পরিবহন ব্যবহার, খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি না করা এবং জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বর্ডারগার্ডকে তৎপর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার নেতিবাচক প্রভাব ন্যূনতম করার জন্য সকল সম্ভাব্য ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকল উৎস থেকে সংগ্রহ কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। সরকার সাময়িক সংকট মোকাবিলায় জনগণের ধৈর্য ও সহযোগিতার ওপর নির্ভর করছে।
সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি ও পিডিবি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
