মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে তুরস্কে পৌঁছালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

2 Min Read
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। শনিবার (২১ জুন) তার আঙ্কারায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ওআইসির এ বৈঠকে ৪০ জনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন। তার আগের দিন জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আরাঘচি।

ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের পটভূমিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুই দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর প্রচেষ্টা বলেই বিশ্লেষকরা মনে করছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনই ইসরায়েলকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দিতে রাজি নন। শুক্রবার এক ভাষণে তিনি বলেন, ইসরায়েল যেহেতু জয়ী অবস্থানে রয়েছে, তাই তাদের থামতে বলা সহজ নয়। যদি কেউ জেতে, তাকে থামানো কঠিন হয়; কিন্তু কেউ হারতে থাকলে তাকে থামানো সহজ হয়।

তবে আলোচনার দ্বার খোলা রয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। কী হয়, দেখা যাক। তার দাবি, চলমান সংঘাতে ইসরায়েল তুলনামূলকভাবে ইরানের চেয়ে বেশি সফল হচ্ছে।

এই প্রেক্ষাপটে ওআইসির বৈঠকে অংশ নিতে আরাঘচির উপস্থিতি মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে মুসলিম বিশ্বের অবস্থান ও পরবর্তী কূটনৈতিক উদ্যোগকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *