মনোনয়ন চাইছেন খোন্দকার দেলোয়ারপুত্র বাবলু

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
২৩ ডিসেম্বর ২০২৩, ডামি নির্বাচন বর্জনে জনমত গড়ে তুলতে বাবলুর লিফলেট বিতরণ, ফাইল ছবি।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোন্দকার আকবর হোসেন বাবলু ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও রাজনৈতিক কার্যক্রমে। প্রয়াত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে বাবলু পেশায় কৃষিবিজ্ঞানী এবং শিক্ষিত ও পরিশীলিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পিতার মৃত্যুর পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি।

স্থানীয় জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার করছেন বাবলু। তিনি মনে করেন, পিতার আসন পুনরুদ্ধার করে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নেই হবে তার অঙ্গীকার। উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা পাঁচবার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া বাবলুর মধ্যে প্রয়াত দেলোয়ার হোসেনের রাজনৈতিক ছাপ খুঁজে পান। সম্প্রতি বিদেশফেরত বাবলুকে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই বাবলু তৃণমূল পর্যায়ে আরও প্রাণবন্তভাবে কাজ শুরু করেছেন।

মিডিয়ার সঙ্গে আলাপকালে খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “ম্যাডাম আমাকে মাঠে নামতে বলেছেন। আমারও ইচ্ছা ছিল। তার নির্দেশনার পর দায়বদ্ধতা আরও বেড়েছে। চাপও আছে, তবে আমি চেষ্টা করব প্রত্যাশা পূরণ করতে। বাবা ছিলেন দক্ষ রাজনীতিক। অনেকে আমার মধ্যে তার ছায়া দেখছেন। তবে বাবার পর্যায়ে পৌঁছানো সহজ নয়।”

উল্লেখ্য, ২০০৭ সালের রাজনৈতিক অস্থির সময়ে খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১১ সালের ১৫ মার্চ তিনি সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। এখন তার ছেলে বাবলু সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করে দলের হয়ে কাজ করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *