ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দলীয় মনোনয়ন না পাওয়ায় অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচের আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ আবেদনের মতো হাত তুলে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এরপর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আলাল উদ্দিন আলাল ফেনী-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ৩ নভেম্বর বিএনপি মহাসচিব সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করলে তার নাম থাকেনি। মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করেছেন।
ফেসবুকে ছবি পোস্ট করে আলাল লিখেছেন, ‘নো ক্যাপশন।’ নেটিজেনরা তাঁর ব্যতিক্রমী প্রতিবাদকে প্রশংসা করেছেন এবং সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা হিসেবে বর্ণনা করেছেন।
আলাল জানান, ফেনী-২ আসনের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও দেশের মানুষ তা গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, তার এই প্রতিবাদের মাধ্যমে আসনটি ‘রিভিউ’ করা হবে।
এ প্রসঙ্গে উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। ফেনী-০১ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবদীন, এবং ফেনী-০৩ আসনে খ্যাতনামা শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু।
