মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এই সিদ্ধান্তের আদেশ জারি করে।
বিএসইসির তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার লেনদেন পর্যালোচনা করে। তদন্তে দেখা যায়, ওই বছরের ১৩ ফেব্রুয়ারিতে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর ছিল ১২ টাকা ৪০ পয়সা, যা ২৩ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ১৫ টাকা ২০ পয়সা বা প্রায় ১২৩ শতাংশ বৃদ্ধি পায় শেয়ারদর।
নথিপত্র বিশ্লেষণে আরও জানা যায়, এই সময়ে কুয়েস্ট এশিয়া ওভারসিজ, প্রতিষ্ঠানটির মালিক আনিছুল ইসলাম ও তার স্ত্রী নাহার-ই-জান্নাত শেয়ার লেনদেনে অস্বাভাবিকভাবে সক্রিয় ছিলেন। তাদের অতিরিক্ত ক্রয়–বিক্রয় লেনদেন বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রেক্ষিতে বিএসইসি কুয়েস্ট এশিয়া ওভারসিজকে ৩ কোটি ৭০ লাখ টাকা, আনিছুল ইসলামকে ৮০ লাখ টাকা এবং নাহার-ই-জান্নাতকে ১ লাখ টাকা জরিমানা করে।
বিএসইসি জানিয়েছে, তাদের কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ১৭(ই)(ভি) অনুযায়ী আইন লঙ্ঘন এবং সেকশন ২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। জরিমানার টাকা ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
