যশোরে পৃথক দুইটি অভিযানে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি’র নেতৃত্বে কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আসামীদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার ৩২০ টাকা ও ভারতীয় ৪০ রুপি জব্দ করা হয়।
আটককৃতরা হলো, যশোর শহরের বারান্দি পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন, জেলার ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি ও মানিকগঞ্জ জেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানান, ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতের দিকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা এবং অন্যান্য জিনিসপত্রসহ মোট সিজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই স্বর্ণ আটকের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
