যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর ইরানে প্রাণহানির সংখ্যা ৭৮০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। সংস্থাটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রেড ক্রিসেন্টের দেওয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংস্থাটির দাবি, মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী দলগুলোর প্রতিবেদনের ভিত্তিতে হতাহতের এই হিসাব প্রস্তুত করা হয়েছে।
রেড ক্রিসেন্ট আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে।
মঙ্গলবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানেও বিস্ফোরণের খবর প্রকাশিত হয়।
হামলার পর দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। তবে সামগ্রিক পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে।
