যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী আটক

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

মুন্সীগঞ্জের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাজেদুল ইসলাম লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, লালু আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা এবং জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গজারিয়া থানায় অন্তত চার থেকে পাঁচটি হত্যা মামলা ছাড়াও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন—জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং তার ভাই জসিম (৪৫)। তারা সবাই গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার পরিচালিত একাধিক যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *