ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুসারে, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে সংঘটিত কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পাওয়া গেছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল, যা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি মৃদু মাত্রার ভূমিকম্প এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত এক সপ্তাহ ধরে রাজধানী ও এর আশপাশে ভূমিকম্পের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এর মধ্যে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল মাধবদী অঞ্চলে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। সে ঘটনায় তিন জেলায় অন্তত ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল ধরে এবং কিছু ভবন হেলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
এর পরদিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় আরও একটি মৃদু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৩। একই দিন সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩.৭ মাত্রায় এবং দ্বিতীয়টি মাত্র এক সেকেন্ড পর ৪.৩ মাত্রায় রেকর্ড করা হয়। দ্বিতীয় কম্পনের উৎপত্তিস্থলও ছিল নরসিংদী।
ক্রমাগত ভূমিকম্পে রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে সর্বশেষ কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা ভবনগুলোর কাঠামো পরীক্ষা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন।
