শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ঢাকাসহ তিন জেলার জমি জব্দের আদেশ

2 Min Read

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকাসহ খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম জব্দের আবেদন করেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে:

  • বারিধারা, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা একটি প্লট, যার দলিলমূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।

  • দিঘলিয়া, খুলনা: শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, দলিলমূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা।

  • টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ: শেখ রেহানার নামে থাকা ১৯ শতাংশ জমি, দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা।

  • খুলনা: শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকর নামে থাকা আরও ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার দলিলমূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালীন এসব স্থাবর সম্পত্তি হস্তান্তর বা বিক্রির চেষ্টা প্রতিরোধ করতেই তা জব্দের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এর আগের দিন, মঙ্গলবার (২৯ এপ্রিল), সায়মা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত।

এছাড়া গত ৫ মার্চ তার প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব থেকে মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, বিভিন্ন সময়ে সায়মা পুতুলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে প্রায় ১ হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *