ঐকমত্য কমিশনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’কে ‘নোট অব চিটিং’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অনৈক্যের সূত্রপাত করেছে বিএনপি নিজেই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি প্রথম অনৈক্যের জন্ম দিয়েছে। ঐকমত্য কমিশনে তাদের ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’। তারা কমিশনে অংশ নিয়েছে ভাইয়াগিরি করার জন্য। নতুন বাংলাদেশে এ ধরনের রাজনীতি চলবে না তরুণরাই তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এক দল সংসদের কথা বলছে, আরেক দল নভেম্বরে গণভোট চায়। আমরা গণভোট চাই, তবে সময় নির্দিষ্ট নয়। শহীদ মিনারে গিয়ে ড. ইউনূসকেই আইনি ভিত্তি দিতে হবে, এতে ব্যত্যয় হলে আমরা মানব না।
এনসিপি নেতা বলেন, সুপারিশকৃত সনদ বাস্তবায়নে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। তাতে সই করার এখতিয়ার কেবল ড. মুহাম্মদ ইউনূসের, কারণ চুপ্পুর কোনো সাংবিধানিক বা নৈতিক যোগ্যতা নেই।
বিএনপি ও জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও জামায়াত মুখে সংস্কারের কথা বললেও ভেতরে তারা আসন বণ্টন নিয়ে দরকষাকষি করছে। জামায়াত একাত্তরে যেমন ভুল করেছিল, এখনো সেই ভূত কাটাতে পারেনি। সে জায়গায় এনসিপির জন্য নতুন রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে।
জামায়াতের সমালোচনায় তিনি বলেন, তারা জুলাই সনদের সমর্থনের কথা বললেও সংসদে পিআরের দাবি তুলে আসন বাড়ানোর চেষ্টা করছেএটা সরল ভণ্ডামি।
সেমিনারে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, আমরা জুলাই সনদে সই করতে চাই, তবে বাস্তবায়নের রূপরেখা আগে পরিষ্কার করতে হবে।
সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে, যা অগ্রহণযোগ্য। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। আমরা বিশ্বাস করি, এই অবস্থানই এনসিপিকে আগামী রাষ্ট্রক্ষমতার পথে নিয়ে যাবে।
সেমিনারটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
