হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ঢালের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন দলটির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৯ আসনের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, এই অঞ্চলের অর্ধেক ভোটার নারী। তাই নারীরা নারীদের কাছে এবং পুরুষেরা পুরুষদের কাছে গিয়ে ভোট চাইবেন। ধানের শীষের জন্য সবার কাছে সমর্থন চাইতেই হবে। তিনি আরও বলেন, মাদক এ এলাকার বড় একটি ব্যাধি হিসেবে রয়েছে। এই সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি এবং বলেন, পাথালিয়া এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতা–কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম–সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুল হাই, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান মাস্টার প্রমুখ।
সাভার ও আশুলিয়ার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
