ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী মাঠে সরব অবস্থান নিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইলের শাহবাজপুরে তার নির্বাচনী এলাকার প্রধান কার্যালয় উদ্বোধন করেন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, হয়েছি আমি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন বা নেতাকর্মীদের দমন করা যাবে না। আমি কাউকে হুমকি দিচ্ছিনা তবে আমার একটা কর্মীর গায়ের পশমও যদি ধরার সাহস কেউ করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হইব। ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুনায়েদ আল হাবিব। নির্বাচনী প্রচারণা ও বক্তব্যের কারণে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হয়ে উঠছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
